প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
যৌন নির্যাতনের অভিযোগ থাকা অধ্যাপক আমির হোসেন জাবিপ্রবির নতুন উপাচার্য

নিউজ ডেক্স :
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদেও নির্বাচিত হন।
তবে তার এই নিয়োগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতির কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগে ছাত্রীদের যৌন হয়রানি, বডি শেমিং, মানসিক নির্যাতন, অশালীন মন্তব্য, ব্যক্তিগত বিষয় নিয়ে কটূক্তি এবং ক্ষমতার অপব্যবহারের মতো নানা অভিযোগ তোলা হয়।
শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক আমির হোসেন ক্লাসে শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালাতেন এবং নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। এছাড়া ফলাফলে বৈষম্য, গবেষণায় নিরুৎসাহিত করা এবং সহকর্মীদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক আইরীন আক্তার-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. তাসলিমা নাহার। পরে একটি স্ট্রাকচার্ড কমিটিও গঠন করা হলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
© দৈনিক চেতনার কন্ঠ